জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের বাংলাদেশের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, চিনেন ওনাকে? উনি ড. ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে। ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা।
বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে এনসিপির এক পদযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
হাসানাত আব্দুল্লাহ বলেন, সব সময় বলে এসেছি, এ স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখেছেন, ওনার কোনো কার্যক্রম? উনি যে বেতনটা নেন, এটা হারাম হবে।
উনি যে গাড়িতে চড়েন সরকারি টাকায়, এটা জনগণের সঙ্গে বেঈমানী উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, উনি স্বাস্থ্যব্যবস্থা বোঝেন না, চিকিৎসা বোঝেন না। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন। আর উনি ড. মুহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা। এ স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব, যোগ করেন হাসনাত।
স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নিজে চিকিৎসা নিতে সিঙ্গাপুর যান। আমরা কিছু বললে বিড়াল বেজার হয়। ওনাকে নিয়ে একবার কথা বলেছিলাম, তারপর থেকে উনি আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন না।
তিনি বলেন, দলমত নির্বিশেষে আমাদের ফ্যাসিবাদের বিপক্ষে অংশ নিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ আবার মাথাচারা দিয়ে উঠতে চেষ্টা করছে। আমরা শোকাহত কিন্তু আওয়ামী লীগ যদি এ লাশের ওপর দিয়ে আবার ফেরার চেষ্টা করে, আমরা শোককে শক্তিতে রূপান্তর করে প্রতিহত করব।
এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, নাছির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলমসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।







