বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায়, সেটা ভয়ংকর পরিণতি ডেকে আনবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় এ সতর্কবার্তা দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে। ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করবে বিএনপি।
বিএনপির এই নেতা বলেন, আমরা উচ্চকক্ষ ও নিম্নকক্ষ সবক্ষেত্রেই পিআর পদ্ধতির বিপক্ষে। তারা ইশতেহার নিয়ে জনগণের কাছে যাক, ম্যান্ডেট নিয়ে তারা তাদের ভাবনা বাস্তবায়ন করুক।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কোনো নির্বাহী আদেশে নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞার বিষয়টি সমাধান হওয়া জরুরি। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ংকর চর্চায় রূপ নিবে।
তিনি আরও বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন তাহলে কাদের নিয়ে হবে? এটার উদ্দেশ্য এমন হতে পারে যে, নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরও দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে।







