বরিশাল: অভ্যুত্থানের সুযোগ নিয়ে কিছু উগ্র রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধিতে পরিস্থিতি ব্যবহার করতে চাইছে। জনগণের গণঅভ্যুত্থানকে কেউ ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার করতে পারবে না।
আমাদের লক্ষ্য হলো দেশের গণতান্ত্রিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় ঐক্য গড়ে তোলা এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের ২য় জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্র করছে, যাতে গণঅভ্যুত্থানকে ধ্বংস করা যায়। আন্দোলনকারী শক্তির মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও, আমরা যদি জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হই, তা দেশের জন্য কার্যকর হবে। নির্বাচনে জনগণই এই মতপার্থক্য মূল্যায়ন করবে।
তিনি স্মরণ করান, গত জুলাই মাসের অভ্যুত্থানে হাজারো তরুণ প্রাণ দিয়েছেন। হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষ, শিশু, নারী ও বৃদ্ধরা জীবন দিয়েছেন। ফ্যাসিবাদী শক্তি মানুষের গুম, খুন এবং ক্ষমতার অপব্যবহার করেছে। দেশের প্রায় ৪০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।
সাকি বলেন,এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্র শক্তি দেশের আইন ও ধর্মীয় প্রতিষ্ঠানকে উপেক্ষা করে নিজেদের রাজত্ব কায়েম করতে চাইছে। জনগণ কখনো এ ধরনের অন্যায় মানবে না। গণতান্ত্রিক বিচার ও নির্বাচন ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি আরও বলেন,আগামী সংসদ সংবিধানে মৌলিক সংস্কার করবে। জনগণ যখন ক্ষমতায় দেবে, আদালত সেই সংস্কারকে সুরক্ষা দেবে। সংবিধানের মৌলিক সংস্কার নিশ্চিত করতে আমাদের পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন, মণ্ডলী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য, সম্পাদক বাচ্চু ভূইয়া; বাংলাদেশ কৃষক-মজুর সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক আবদুল আলিম বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্পাদক জাহিদ সুজন,বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতাকর্মীরা বলেন, নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা এবং দেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। নিরাপদ কর্মসংস্থান, উন্নত স্বাস্থ্যসেবা এবং উন্নয়নমুখী বরিশাল গড়াই তাদের প্রধান লক্ষ্য।







