অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ সম্পর্কিত তার সাম্প্রতিক মন্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি।
হান্নান মাসউদ বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রত্যাহার করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস নয়। আওয়ামী লীগের ব্যানারকে সন্ত্রাসী ব্যানার হিসেবে দেখানো উচিত, যা বর্তমান প্রজন্ম গ্রহণ করবে না। দেশকে পুনরায় অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত।
এর আগে যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ। তবে তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং প্রয়োজনে যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।







