১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বাণী দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজু।
বাণীতে তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ এর Theme: “Human Rights, Our Everyday Essentials” মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে আমি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন – বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্ব সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাই। এ বছরের স্লোগান— “মানবাধিকার, আমাদের প্রতিদিনের মৌলিক চাহিদা”— মানবাধিকারকে কোনো অতিরিক্ত সুবিধা নয় বরং মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান হিসেবে তুলে ধরে। খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদাপূর্ণ জীবনযাপন— এগুলো শুধু অধিকার নয়; মানুষের জন্মগত স্বাভাবিক দাবি। এই দাবি পূরণ নিশ্চিত করা রাষ্ট্র, সমাজ এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব।
বাংলাদেশ চ্যাপ্টার হিসেবে আমরা বিশ্বাস করি— মানবাধিকার মানে শুধু সুরক্ষা নয়; এটি সুযোগ, সমতা, মর্যাদা ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি। একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক সমাজ গড়ে তুলতে মানবাধিকারকে প্রতিদিনের চর্চায় রূপ দিতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানবাধিকার রক্ষা এবং বাস্তবায়ন তখনই সম্ভব, যখন আমরা প্রত্যেকে নিজের দায়িত্ববোধ থেকে এগিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো।








