রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে অসুস্থ মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতালের পথে যাত্রা করেন।
এর আগে গণসংবর্ধনায় দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যেমন এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, ঠিক তেমনি ২০২৪ সালে সর্বস্তরের মানুষ এক হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। তিনি বলেন, দেশের মানুষ এখন কথা বলার অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।
তিনি আরও বলেন, এবার সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। পাহাড়-সমতল, মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তার ভাষায়, এমন বাংলাদেশ গড়া দরকার যেখানে নারী, পুরুষ ও শিশুসহ সবাই ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরে আসতে পারে।
শহিদ ওসমান হাদিকে স্মরণ করে তারেক রহমান বলেন, তিনি চেয়েছিলেন এ দেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ১৯৭১ ও ২০২৪ সালে যারা শহিদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে, বলেন তিনি।
এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত উক্তির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘আই হ্যাভ অ্যা ড্রিম’—এর মতোই ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। দেশ গড়ার জন্য তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন।







