০৫ফেব্রুয়ারি ২০২৬:
বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী ফয়জুল করীম বলেছেন, নির্বাচিত হলে বরিশালকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নগরীতে পরিণত করা হবে। তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
আজ সাংবাদিকদের সাক্ষাৎ কালে তিনি এসব কথা বলেন, “মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। রাস্তাঘাট, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান কোথাও মানুষ নিজেকে নিরাপদ মনে করছে না। এই অবস্থার পরিবর্তন আনাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
মুফতী ফয়জুল করীম আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। নারী, শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একইসাথে সামাজিক অবক্ষয় রোধে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।
তিনি বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। বরিশালের প্রতিটি নাগরিক যেন শান্তিতে ঘুমাতে পারে, সন্তানকে নিশ্চিন্তে স্কুলে পাঠাতে পারে— সেই নিরাপদ বরিশাল গড়াই আমার অঙ্গীকার।”







