মাহমুদুল হাসান, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে পৃথক অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মোঃ সোহেল মিয়া ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।
অভিযানকালে রাত ১০টা ৩০ মিনিটের দিকে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাইপুল বাজার এলাকায় জনৈক শাহ আলমের চায়ের দোকানের সামনে থেকে মোঃ আরাফাত হোসেন প্রকাশ সৌরভ (২৩)-কে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ৭৯০ টাকা সহ আটক করা হয়।
অন্যদিকে রাত ১১টা ২৫ মিনিটের দিকে সোনাইপুল বাজারস্থ রামগড়-বারৈয়ারহাট মহাসড়কের রামগড় গেস্ট হাউস ও চেকপোস্টের মধ্যবর্তী এলাকা থেকে মোঃ রহমান আলম রাকিব (২২)-কে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আরাফাত হোসেন প্রকাশ সৌরভ রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাইপুল এলাকার মৃত আমিনের ছেলে এবং রহমান আলম রাকিব রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী এলাকার মোঃ আলমগীরের ছেলে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে খাগড়াছড়ির বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মাজেদ হোসাইন প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
পরে আদালতের কাস্টডি পরোয়ানা মূলে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।








