জামালপুরে শিশু ধর্ষণচেষ্টা অভিযুক্ত ছানোয়ার গ্রেপ্তার
মোঃ আনোয়ার হোসাইন, জামালপুর
জামালপুরের নান্দিনা পুরাতন পাড়ায় ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছানোয়ার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ অক্টোবর (শুক্রবার) সকাল আনুমানিক ৬টার দিকে শিশুটি তার নানীর বাড়িতে ঘুমাচ্ছিল। এ সময় নান্দিনা পুরাতন পাড়ার বাসিন্দা ছানোয়ার (৫২) সুযোগ বুঝে ধর্ষণের উদ্দেশ্যে শিশুটির শোবার ঘরে ঢোকে। টের পেয়ে শিশুটি ঘুম থেকে উঠে পড়ে এবং বাধা দেওয়ার চেষ্টা করে।
এ সময় দুজনের মধ্যে হাতাহাতি ও টানাহ্যাঁচড়া হয়। শিশুটির আত্মচিৎকার এবং ধস্তাধস্তির শব্দ শুনে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে এলে ছানোয়ার ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয় জনতা ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ছানোয়ারকে জনতার হাত থেকে হেফাজতে নিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নান্দিনা এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এবং স্থানীয় ছাত্রসমাজ চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ছানোয়ারের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির জোরালো দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।








