ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগরে ভোটকেন্দ্রে পুলিশ হস্তক্ষেপ করছে—এমন অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যেই বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিধানসভার দুটি আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।
মুর্শিদাবাদ জেলার রেজিনগর আসনে এজেইউপির প্রার্থী হয়েছেন হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবী আজাদ।
মুর্শিদাবাদ পুলিশ জেলার বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) আনন্দজিৎ হোর বলেন, ‘হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়েছে। পরে আমরা বিস্তারিত জানাব।’
মঙ্গলবার সকাল ৮টার দিকে রেজিনগরে দলের কার্যালয়ে যান হুমায়ুন কবির। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। এরপর তিনি ভোটকেন্দ্রের দিকে এগিয়ে গেলে পুলিশ তাকে জানায়, তিনি প্রার্থী বা নির্বাচনী এজেন্ট নন। তাই ভোটকেন্দ্রের কাছে যেতে পারবেন না।
এ সময় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন হুমায়ুন কবির। সাংবাদিকদের তিনি বলেন, ‘পুলিশ আমাদের কর্মী, বুথ এজেন্ট ও ভোটারদের ভয় দেখাচ্ছে। আমরা বুথ ছাড়ব না। পুলিশের সঙ্গে সরাসরি লড়াই হবে। পুলিশ ভোট লুট করছে। আমি এটা হতে দেব না।’
এরপর পুলিশ তাকে আটক করে টেনে গাড়িতে তোলে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
এর আগে হুমায়ুন কবির ও তার দলের নেতাদের বিরুদ্ধে পুলিশ একাধিক মামলা করে। এরপর কবির জানিয়েছিলেন, তিনি বাড়িতে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাবেন।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








