মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সাজেক-দীঘিনালা সড়কে স্থানীয় দুটি সংগঠন এর ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির কারণে পর্যটকদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পর্যটনকেন্দ্রটি ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় এর জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে ১১ অক্টোবর রোববার জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।
এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। অবরোধের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাজেকে যাতায়াতকারী পর্যটকেরা ভোগান্তিতে পড়েন। বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে।
সাজেক থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা পক্ষের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুটি। তাদের অভিযোগ, এলাকায় সশস্ত্র সদস্যদের অবস্থান ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা অবরোধের কর্মসূচি ঘোষণা করে।
অবরোধের কারণে পর্যটনকেন্দ্রে অবস্থানরত পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা এবং নতুন পর্যটকদের যাতায়াত নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে সেখানে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে নতুন নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে না যাওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।







