কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোহাম্মদ নিশান শেখ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া পূর্বপাড়া এলাকার নিজ বসতবাড়ির একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির একটি কক্ষে নিশান শেখকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।







