চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে দুটি কুলিং কর্নার। এতে নগদ টাকা, আসবাবপত্র ও মালামালসহ প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের পরিশ্রম ও ঋণ নিয়ে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দুই ব্যবসায়ী।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া রেলস্টেশনের পূর্ব পাশে পোলমোগরা এলাকায় ব্যবসায়ী সাখাওয়াত হোসেন পলাশ ও মাহফুজের দুটি কুলিং কর্নারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের টহল দল আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুনে দুই ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাখাওয়াত হোসেন পলাশ বলেন, ‘আমি একেবারেই নিঃস্ব হয়ে গেছি। আমার আর কিছুই রইল না। প্রতিদিনের মতো শনিবার রাতেও বৈদ্যুতিক লাইন বন্ধ করে দোকান থেকে বাড়ি চলে যাই। রাত সাড়ে ৩টার দিকে ফোন করে জানানো হয়, আমার দোকানে আগুন লেগেছে। কীভাবে আগুন লেগেছে, তা আমি জানি না। এর আগে কখনো দোকানে বৈদ্যুতিক সমস্যাও দেখা দেয়নি।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১০ বছরের স্বপ্ন ছিল এই দোকান। ঋণ করে অনেক কষ্টে এটি গড়ে তুলেছি। দোকানটিকে অনেকটা নিজের বসতবাড়ির মতো করে সাজিয়েছিলাম। চোখের সামনে সব শেষ হয়ে গেল।’
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
—








