মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাবিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা দুই বন্ধু নাঈম হোসেন ও সাজ্জাদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের সাহেবপুর এলাকায় জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব ওচমানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহেবপুর এলাকার আমির আলী সওদাগর বাড়ির কাদেরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ পরিবহনের কাজে হাবিব তাঁর দুই বন্ধুকে নিয়ে উপজেলার বারইয়ারহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি অটোরিকশায় করে কয়েকজন পূজার্থী পূজামণ্ডপ থেকে ফিরছিলেন। পথে সাহেবপুর এলাকায় পৌঁছালে সড়কের বেহাল অবস্থার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম ও সাজ্জাদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব হাসান বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে হাবিবকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।







