বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ “স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দিন ব্যাপী এ অনুষ্ঠানে নানা প্রজাতির প্রাণী প্রদর্শিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্ততব্য রাখেন নওগাঁ জেলা ট্রেনিং অফিসার ডাঃ সুশান্ত দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, এমপির প্রতিনিধি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, সাবেক কমান্ডার জবির উদ্দিন প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
বদলগাছীতে অপহরণের ১০মাস পর ২মাসের শিশুসহ অপহৃতা উদ্ধার
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে অপহরণের ১০ মাস পর ২মাসের পুত্র সন্তানসহ অপহৃতাকে উদ্ধার করেছে থানা পুলিশ। অপহরণের দায়ে মামলায় উল্লেখিত আসামী আল আমিনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। মামলা ও থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার গাবনা গ্রামের মৃত ইসরাফিলের ছেলে আল আমিন (২৩) একই গ্রামের জনৈক স্কুল শিক্ষকের মেয়ে (১৫) কে বিয়ের প্রলোভন দিয়ে ২০২২ সালের ২৯ মার্চ সন্ধ্যায় অপহরণ করে নিয়ে যায়। ঐ শিক্ষক ঐ দিন বদলগাছী থানায় একটি নারী শিশু ও অপহরণ মামলা দায়ের করে। দীর্ঘ ১০ মাস পর অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল এর তৎপরতায় চট্টগ্রাম চন্দগাঁও থানার কালুঘাট বরিশাল বাজার এলাকার মুন্সির বিল্ডিং থেকে গত বৃহস্পতিবার বেলা ২টার পর (২৩ ফেব্রুয়ারী) অভিযান চালিয়ে অপহরণকারীকে আটক ও দুই মাসের পুত্র সন্তানসহ অপহৃতাকে উদ্ধার করে এস আই আবু তাহের। এস আই আবু তাহের জানায় চট্টগ্রাম চন্দাগাঁও থানার সহযোগিতায় অপহৃতাকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। থানার ওসি মোঃ আতিয়ার রহমান জানায় সেখানে তারা স্বামী-স্ত্রী রূপে বসবাস করছিল। তাদের দু-মাসের এক পুত্র সন্তান রয়েছে। শুক্রবার অপহরণকারী আল আমিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজ রবিবার উদ্ধারকৃত অপহৃতাকে আদালতে হাজির করা হবে।








