মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় অজ্ঞাত দ্রুতগতির পিকআপের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। তার নাম সাহাব উদ্দিন (৭৫)। এ ঘটনায় সুলতান আহমদ নামে অপর বীর মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছে। সোমবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তারা দুই জন মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের জন্য বড় দারোগারহাট অগ্রণী ব্যাংকের উদ্দেশ্য যাচ্ছিলেন। নিহত বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন মঘাদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাশিমনগর গ্রামের মনসুর আলী মিস্ত্রি বাড়ির মৃত বদিউর রহমানের পুত্র। আহত বীর মুক্তিযোদ্ধা একই ইউনিয়নের হাদিনগর গ্রামের আলী আহমদ মিস্ত্রি বাড়ির সদিকুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য ইয়াসিন উল্ল্যাহ বলেন, বড়তাকিয়া বাজার এলাকায় একটি সিএনজি থেকে নেমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন দুই মুক্তিযোদ্ধা। এমতাবস্থায় চট্টগ্রামমুখী একটি দ্রুত গতির পিকআপ তাদের ধাক্কা দিলে সাহাব উদ্দিন নামের একজন বীর মুক্তিযোদ্ধা ঘটনাস্থলে মারা যান। এসময় তার সাথে থাকা সুলতান আহমদ নামের আরো এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
একই ইউনিয়নের বাসিন্দা আলতাফ হোসেন রাজু বলেন, তারা দুই জন বন্ধু ছিলেন। প্রতিদিনই একসাথে চলাফেরা করেন। মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের জন্য বড় দারোগারহাট বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনায় তিনি মারা যান।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহম্মদ জানান, বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পিকআপ ধাক্কা দুই মুক্তিযোদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং আরেকজন আহত হয়।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনে দ্রুত বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিনের বাড়িতে ছুটে যাই। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা একজন মুক্তিযোদ্ধা হারালাম।
তিনি আরো বলেন, আইনী প্রক্রিয়া শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। আহত অন্য বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদের প্রসঙ্গে বলেন, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগ রাখছি তার পরিবারের লোকজনের সাথে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








