৭১ টিভিতে “ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লবের ওপর শিবিরের হামলার পরিকল্পনা” শীর্ষক প্রতিবেদনে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা এবং ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম বলেন, “একের পর এক নীতিহীন ও হলুদ সাংবাদিকতার নিকৃষ্ট নজির স্থাপন করে চলেছে দলীয় ভাবাপন্ন গণমাধ্যম ৭১ টিভি। প্রতিবেদন বলা হয়েছে, ‘ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমারের সরকারের ওপর ভয়াবহ হামলার পরিকল্পনা করছে ইসলামি ছাত্রশিবির’।
এমন একটি গুরুতর অভিযোগের পক্ষে প্রতিবেদকের ‘কাল্পনিক সূত্র’ ছাড়া আর কোনো তথ্য দিতে পারেনি প্রতিবেদক। ছাত্রশিবিরকে জড়িয়ে এ প্রতিবেদন সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যেসব টেলিগ্রাম গ্রুপের নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তার সাথে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। এই আজগুবি গল্প প্রতিবেদকের বিকৃত মস্তিষ্কের উদ্ভট আবিষ্কার মাত্র।
বাস্তবতা হলো, এমন নিকৃষ্ট পন্থায় ছাত্রশিবির বিশ্বাস করে না। ছাত্রশিবিরের ওপর চালানো হত্যা, গুম, মামলা, হামলা ও রাষ্ট্রীয় নির্যাতন ছাত্রশিবির ধৈর্য, সাহসিকতা ও নিয়মতান্ত্রিক পন্থায় মোকাবিলা করেছে। অতীতেও অসদুদ্দেশ্য বাস্তবায়ন করতে সরকার এবং কিছু দলবাজ হলুদ মিডিয়া ছাত্রশিবিরকে নানা রকম গুজব ও অপতৎপরতার সাথে জড়াতে চেয়েছে। কিন্তু বরাবরই তারা ব্যর্থ হয়েছে। শুধু দলীয় ও আদর্শিক বিদ্বেষপূর্ণ মনোভাব থেকে ছাত্রশিবিরকে জড়িয়ে এই কুৎসা রটনা করেছে ৭১ টিভি।”
নেতৃবৃন্দ বলেন, “৭১ টিভির পুরো প্রতিবেদনটির ভাষা সম্পূর্ণ অপেশাদার, আক্রমণাত্মক ও বিদ্বেষপূর্ণ। ছাত্রশিবির তার প্রতিষ্ঠাকাল থেকেই দেশের ছাত্রসমাজকে সাথে নিয়ে তার নিয়মতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার সাক্ষী এদেশের আপামর ছাত্রজনতা।
আমরা বলব, ৭১ টিভির বিতর্কিত অবস্থান জনগণের কাছে পরিষ্কার। এমন নির্লজ্জ অপপ্রচার অব্যাহত রাখলে জনগণের কাছে তাদের নীতিহীন অবস্থান আরও পরিষ্কার হবে।”
নেতৃবৃন্দ এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিবেদক ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।








