অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। সোমবার (১২ আগস্ট) বিকেল চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক করেন।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা ওই বৈঠকে অংশ নেন। এরপর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলন প্রশ্নবিদ্ধ করতে চক্রান্ত হচ্ছে এবং সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। যা ষড়যন্ত্রের অংশ এবং উদ্দেশ্যপ্রণোদিত।
এসময় নির্বাচন নিয়ে প্রশ্নে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।
দলটির অন্য নেতাদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।
বৈঠকের নির্ধারিত সময়ের আগে বেলা সাড়ে তিনটার দিকে হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন বিএনপি নেতারা।
প্রসঙ্গত, ছাত্র ও গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস এই প্রথম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নিয়েছেন। আজ বিকেলে বিএনপির পরে জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দলের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।







