পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আওয়ামীলীগ সরকার ইসলাম বিদ্বেষী। শুধু আল্লামা সাঈদীকেই নন, সকল মত ও পথের অসংখ্য আলেমকে গ্রেপ্তার করে হাসিনা প্রমান করেছেন তিনি তার পিতার মতোই ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সরকারী ইন্দুরকানী কলেজে সিরাতুন-নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, “বিগত জোট সরকারের সময় পিরোজপুর-১ আসনের এমপি আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আহ্বানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০২ সালের ২১ এপ্রিল এই কলেজ মাঠেই জিয়ানগর নামে নতুন উপজেলা ঘোষনা করেন। আওয়ামী লীগ সরকার এসে জিয়ানগর নামের কারনে উন্নয়ন হয়না এমন অযুহাত তুলে আমি উপজেলা চেয়ারম্যান থাকার সময়ের আমার স্বাক্ষর জাল করে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা রাখেন। তারপরও এই উপজেলার দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি।”
সভায় সরকারি ইন্দুরকানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, টগড়া দারুণ ইসলাম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ, জিয়ানগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, প্রভাষক আল আমিন হোসেন ও উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।
মাসুদ সাঈদী আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্ত তার অনুসারীরা আত্মগোপন করে আছেন। তারা যে কোন অপকর্ম ঘটিয়ে ইসলাম তথা মুসলমানদের উপর দোষ চাপাতে পারে। সেজস্য সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে।
প্রধান অতিথি আরও বলেন, আসন্ন দূর্গা পূজায় সকলে মিলে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের দোষরদের কেউ যেন কোন প্রকার সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।







