রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক চলছে। শুক্রবার (০৯ আগস্ট) দুপর ১২টায় এ বৈঠক শুরু হয়। মাঝখানে নামাজের বিরতি ছিল।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের আনুষ্ঠানিক ব্রিফ করার কথা রয়েছে।
এদিকে শুক্রবার দুপুরের দিকে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এছাড়া অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রদান করা হয়েছে।
এছাড়া ফরিদা আখতার মৎস ও প্রাণী মন্ত্রণালয়, মো. নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, শারমিন মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়, আ ফ ম খালিদ হাসান ধর্ম মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।







