কক্সবাজার প্রতিনিধি:
অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঈদগাঁও থানা পুলিশ। গত ২৪ ঘণ্টার ধারাবাহিক পৃথক অভিযানে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত এবং ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৮ মাসের কারাদণ্ড প্রাপ্ত আসামিসহ মোট ৩ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার ২৪ জুলাই থানা সূত্রে এসব অভিযানের তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ঈদগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আদালত থেকে বিভিন্ন মেয়াদের সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। গ্রেফতারকৃতরা হলেন
সিরাজুল ইসলাম: তিনি পোকখালী ইউনিয়নের ইছাখালী এলাকার নজির আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এবং দণ্ডবিধির প্রতারণা ও বিশ্বভঙ্গ সংক্রান্ত মোট ৩টি পরোয়ানা রয়েছে (মামলা নং- এসটি-৫৯৩/২০, সি,আর-৮৯৬/২০১৮ এবং সি,আর-১৮১০/২৪)।
মোঃ জসিম উদ্দিন: তিনি ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরগাহ পাড়ার মনজুর আলমের ছেলে। তিনি নাইক্ষ্যংছড়ি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জি,আর-০২/২৪, সাজা পরোয়ানাভুক্ত) ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৮ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
নুরুল হুদা: তিনি পোকখালী ইউনিয়নের মধ্যম ইছাখালী টেকপাড়ার আব্দু শুক্কুরের ছেলে। তিনি ভূমি আইন ও দণ্ডবিধির জালিয়াতি সংক্রান্ত পরোয়ানাভুক্ত মামলার (সি,আর-১১/২৬) আসামি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, অপরাধীচক্র, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








