স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের অন্তর্গত জপেয়া, জালিয়াপাড়াস্থ মেসার্স আর বি ব্রিকস নামক ইট ভাটায় ডাকাতির অভিযোগ করেছেন দিনাজপুর কোতয়ালী থানায় দিনাজপুর জেলা ইটভাটা মালিক সমিতির সদস্য ও ভাটার মালিক এস.এম রবিউল ইসলাম।
অভিযোগসূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় উক্ত ভাটার নাইট গার্ড বুধু ও আকবর প্রতিদিনের মত কাজে নিযুক্ত হয়। এই দিন রাত ২টার সময় একটি পিকআপ গাড়ি যোগে অজ্ঞাতনামা ৫-৬ জন মানুষ ভাটায় প্রবেশ করে এবং নাইটগার্ডদের রশি দিয়ে বেঁধে মারধর করে নাইটগার্ডের বাই সাইকেল, ১৫ হর্স পাওয়ার ইলেকট্রিক মোটর, ১টি ২ হর্স পাওয়ার সাবমার্সিবল পাম্প, ১টি ১ হর্স পাওয়ার সাবমার্সিবল পাম্প, ভাটায় ব্যবহার করা ট্রাক্টরের ৩টি ব্যাটারী, ১টি সোলার ব্যাটারীসহ বেশ কিছু যন্ত্রাংশ পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে ইটভাটা মালিক এস.এম রবিউল ইসলাম দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
১৫ অক্টোবর মঙ্গলবার শহরের একটি চাইনিজ রেস্তোরায় দিনাজপুর জেলা ইটভাটা মালিক সমিতির নির্বাহী সভায় কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম, উক্ত ভাটায় ডাকাতির সাথে জড়িত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।








