মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় একটি অরক্ষিত রেলগেটে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। পরবর্তীতে ঢাকামুখী (আপ) লাইন ট্রেন চলাচলের উপযোগী করা হলে সাড়ে ১০ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সকাল নয়টার দিকে জোরারগঞ্জ বিশ্বটিলা এলাকার একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় লাইনে উঠে পড়া বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পূর্বে ট্রাকের চালক ও সহকারি দ্রুত গাড়ি থেকে নেমে যান। এরপর ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রেনের সাথে ট্রাকের একটি অংশ আটকে গেলে ট্রেনটি থেমে যায়। তবে ট্রেন ও ট্রাকের গতি কম থাকায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের যাত্রীরা সবাই অক্ষত ছিলেন। দুর্ঘটনার কারনে চট্টগ্রামমুখী ‘বিজয় এক্সপ্রেস’ চিনকি আস্তানা স্টেশনে এবং আন্তঃনগর ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ফেনী স্টেশনে আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।
ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন জানান, সকাল ৮টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে পুরো বগিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু দূর গিয়ে ট্রেনটি থামলে অনেক যাত্রী নিচে নেমে পরিস্থিতি দেখার চেষ্টা করেন। তবে ট্রেনের কোনো যাত্রী আহত হননি।
চিনকি আস্তানা রেলস্টেশনের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে একটি বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর ট্রাকটি ট্রেনের সঙ্গে আটকে থাকায় তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব হয়নি। ফলে উভয় লেনে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত যানটি দ্রুত সরিয়ে ফেললে সকাল সাড়ে ১০ টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হলে পাহাড়িকা এক্সপ্রেস পুনরায় সিলেটের উদ্দেশে যাত্রা করে।
ঘটনাস্থলে থাকা চিনকি আস্তানা রেলস্টেশনের এসএসআইওএ গোলাম সরওয়ার বলেন, সকাল ৯টার দিকে অবৈধ রেলক্রসিং পারাপার হতে গিয়ে একটি ট্রাকের সাথে ট্রেনের ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় ট্রাক, এতে ট্রাক পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ট্রেনটির একটি দরজাও ক্ষতিগ্রস্ত হয়। দেড় ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে ফেলার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, দুর্ঘটনায় ট্রাকটি ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।







