মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে সিলিন্ডারের গ্যাসের চুলার আগুনে ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী কাজিরহাট এলাকার ওয়াসেক মুহুরী বাড়িতে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে। এতে ওই তিন পরিবারের অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমানের পরিবারের লোকজন চুলায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এসময় একে একে ৩ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুনে ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
হাবিবুর রহমানের ছেলে নুরুচ্ছালাম জানান, রান্নাঘরে গ্যাসের চুুলায় আগুন জ্বলছিলো। কিন্তু হঠাৎ করে সিলিন্ডারে আগুন লেগে পড়ে। এতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমাদের ৩ ভাইয়ের ৩ টি ঘর একেবারে ছাই হয়েছে যায়। ঘরের আসবাবপত্র ও ক্যাশ টাকাসহ অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমাদের।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার অলঙ্গ মারমা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেলেও বেশ কয়েকটি ঘর রক্ষা করা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব নিরূপন করা যায়নি।’







