সিস্টেম ইন্টেগ্রেশন করার জন্য তিনদিন বন্ধ থাকবে মেট্রোরেল। এমআরটি লাইন-৬’র উত্তরা-আগারগাঁও অংশ এবং আগারগাঁও-মতিঝিল অংশের সিস্টেম ইন্টেগ্রেশনের জন্য শুক্রবার (১৩ অক্টোবর) ও আগামী ১৪ ও ১৫ অক্টোবর বন্ধ থাকবে মেট্রোরেল।
মঙ্গলবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তাতে বলা হয়, এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইন্টেগ্রেশন করার জন্য আগামী শনিবার ও রবিবার (১৪ ও ১৫ অক্টোবর) উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। যথারীতি শুক্রবারও (১৩ অক্টোবর) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোমবার (১৬ অক্টোবর) থেকে আগের সময়সূচী অনুযায়ী উত্তরা-আগারগাঁও অংশে মেট্রোরেল নিয়মিত চলাচল করবে।







