জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘটনায় বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কারাগরে থাকা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ৯ নেতাকর্মী আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাদের এ ভার্চুয়াল হাজিরা নেন।
আসামিরা হলেন, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম, পুলিশের কনস্টেবল শোয়াইবুর রহমান।
এদের মধ্য ৩ জন কাশিমপুর কারাগার, ৩ জন বিশেষ কেন্দ্রীয় কারাগার, ৩ জন কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হারুন উর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন রাজধানীর মিরপুর, হাতিরঝিল, পল্টন ও যাত্রাবাড়ীর পৃথক চার মামলায় তাদের হাজিরার দিন ধার্য ছিল। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা হাজিরা দেন। শুনানি শুরু হলে কারাগারে থেকে একে একে ভার্চুয়ালি হাজিরা দেন তারা।
তিনি আরও বলেন, রাজনৈতিক এসব আসামির হাজিরার দিন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উচ্চ আদালতের নির্দেশ ক্রমে ডিজিটাল হাজিরার উদ্যোগ নেয় আদালত।







