আমি নিজেই।
তখন কলেজে পড়ি, প্রচণ্ড আর্থিক দুরাবস্থার মাঝে, টিউশনি করে, চালিয়ে যাচ্ছি।
একদিন ক্লাস ছুটির পর, কলেজের লাগোয়া প্রোফেসর কোয়ার্টারের রাস্তা দিয়ে, আমি আর আমার বন্ধু হেঁটে আসছি।
কলেজ বাউন্ডারীর ভেতরে রাস্তা, ফাঁকাই থাকে।
হঠাত্ করেই, দেখি রাস্তার উপরে একটি একশো টাকার নোট পড়ে আছে।
চট করেই, নোটটা কুড়িয়ে পকেটে রাখলাম। তখনকার সময়ে, একশো টাকা বেতনে, অনেকে চাকরী করতেন।
আমি ভাবলাম, এই টাকাটা, অন্যের টাকা, ফেরৎ দেয়া উচিত্।
কিনতু, আমার বন্ধু বারবারই পীড়াপীড়ি করছিলো টাকাটা রেখে দেয়ার জন্য। বলছিলো, ওই টাকায় অনেকদিন আমরা সিনেমা দেখতে পারবো, দোকানে খেতে পারবো, মেলায় গিয়ে, কেনা-কাটা করতে পারবো, ইত্যাদি, ইত্যাদি।
কিনতু, আমার ভেতরে একটা পাপবোধ কাজ করছিলো যে অন্যের টাকা নিজে নিয়ে নেয়া ঠিক হবে না। তাই, বন্ধুর বারণ সত্বেও, আমি রাস্তার পাশে প্রোফেসরদের কোয়ার্টারে, একের পর এক কলিং বেল বাজিয়ে যাচ্ছি। বেরিয়ে আসছেন, স্যার, ম্যাডামরা।
আমি, “স্যার, রাস্তায় আপনার টাকা হারিয়েছে ?”
“না, তো’।
প্রতিটি কোয়ার্টারে গিয়ে, এরকম করতে করতে দেখি, আমাদের ইংরেজীর প্রোফেসর আমাদের উল্টোদিক দিয়ে রাস্তায় যেন কী খুঁজতে খুঁজতে হেঁটে আসছেন।
তাঁকে দেখে, আমি এগিয়ে যাই, জিজ্ঞেস করি, তিনি কী খুঁজছেন। তিনি তখন বললেন যে, কিছুক্ষন আগেই, এ রাস্তা দিয়ে এসেছেন, বাড়ীতে ঢুকে দেখেছেন, পকেটে একটা একশো টাকার নোট ছিলো, নেই। রাস্তায় পড়লো কী না, দেখতে বেরিয়েছেন। আমি তাঁকে তখন টাকাটা দিয়ে বলি, স্যার, এটাই। কিছুক্ষন আগেই রাস্তায় পেয়েছি। তিনি, আমাদের খুব আশীর্বাদ করলেন এবং জীবনে সততাকে ধরে রাখার প্রেরণা দিলেন।
এবার আমি, আমার বন্ধু হেঁটে হেঁটে বাড়ী ফিরছি।
টাকাটা ফেরত দিয়েছি বলে,বন্ধুর মন খুব খারাপ। কথাই বলছে না আমার সাথে। যেতে যেতে, রাস্তার পাশে দেখি, একজন বসে, তেলেভাজা ভাজছেন।
বন্ধুর মন ভালো করার জন্য বললাম, তেলে ভাজা খাবি ?
রাজী ও।
তারপর ওখান থেকে, তেলেভাজা খেলাম। এবার দাম দিতে গিয়ে আমার পকেটে হাত দিয়ে দেখি, একটা পয়সাও নেই। বন্ধুকে জিজ্ঞেস করলাম। ওর কাছেও নেই।
কী করা যায় ? ও তখন আমাকে দোষারোপ করছিলো, বলছিলো, তখন ওই একশো টাকাটা রেখে দিলেই হতো।
একটু চিন্তা করে, ওকে বললাম, “চল, দুজনে পালাই”।
তারপর, দুজনে মিলে লাগালাম ছুট। দোকানী, পেছন, পেছন ধাওয়া করে, হাল ছেড়ে দিলেন। আমাদের ধরতে পারেন নি।
অন্যের টাকা ফেরত্ দেয়ার জন্য, সততার পুজো করি, তেলেভাজার দাম দিতে গিয়ে, সেই সততাকে খুন করি,
আমি।







