বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও পারল না বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৫৪ রান। ৩১ বলে সর্বোচ্চ ৫২ রান করেছেন তানজিদ হাসান তামিম।
প্রথম ওভারেই দু’বার আউট হতে গিয়ে বেঁচেছিলেন সাইফ হাসান। দ্বিতীয় বলেই জোরালো আবেদন উঠেছিল আউটের।
এরপর পঞ্চম বলে ক্যাড ড্রপ হলো। ঘটনাবহুল প্রথম ওভারে উঠলো ৩ রান। এরপর ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন সাইফ হাসান এবং তানজিদ তামিম। আফগানিস্তান বোলারদের উইকেটের চারপাশে খেলে ১ম পাওয়ার প্লে’র ৬ ওভারে রান তুললেন ৫৯টি।
কিন্তু পাওয়ার প্লে’র পরের ওভারে বল করতে আসা রশিদ খানকে আর সামলাতে পারলেন না পারভেজ হোসেন ইমনের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া সাইফ হাসান। ৭ম ওভারের চতুর্থ বলে রশিদ খানের বলে বোল্ড হয়ে গেলেন তিনি। ২৮ বলে করলেন ৩০ রান। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি।








