মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে ছাদের রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুফিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়ান একই এলাকার বদরুল আলম বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার নূরানী তৃতীয় শ্রেণীতে পড়তো।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভবনের ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল মাশরুর ওয়াসিফ রায়ান। আম পাড়ার চেষ্টার একপর্যায়ে অসাবধানতাবশত রেলিং থেকে পা ছিটকে ভবনের ছাদের কলামের রডের উপর পড়লে একটি রড় তার পায়ুপথ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাফায়েত হোসেন বলেন, জরুরী বিভাগে একটি শিশুকে নিয়ে আসা হয়। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢুকার আলামত রয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।








