দিনের শেষ ওভারে ড্রেসিং রুমের পথ ধরলেন ১১ রান করা মেহেদী হাসান মিরাজ। থারিন্ডু রাত্নায়েকের বলে আম্পায়ার অবশ্য এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি। রিভিউ নিয়ে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যানের বিদায় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে এখনও ৯৬ রানে পিছিয়ে তারা। শেষ ৪ উইকেটে ইনিংস পরাজয় এড়ানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ।
২ উইকেটে ২৯০ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা এদিন বাকি ৮ উইকেট হারিয়ে আর ১৬৮ রান করতে পারে৷ ফলে তারা পায় ২১১ রানের লিড। যা এখন ইনিংস ব্যবধানে জয়ের জন্য যথেষ্ট মনে হচ্ছে।
আগের দিন সেঞ্চুরি করা পাথুম নিসাঙ্কা ১৫৮ রান করে আউট হন। শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হওয়া কুশল মেন্ডিস করেন ৮২ রান।
বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। দেশের বাইরে এটি তার পঞ্চম ৫ উইকেট। সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করলেন তিনি।
বড় লিডের চাপা পড়ে ব্যাটিংয়ে নেমে আবারও হতাশ করে বাংলাদেশ। চলতি সফরে নিজের সর্বোচ্চ ১৯ রান করে আউট হন এনামুল হক।
সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরাও বেশিক্ষণ টিকতে পারেননি। তাই এখন সিরিজ হারের দুয়ারে বাংলাদেশ।







