ইরানের পূর্ব ও কেন্দ্রীয় অঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলার দাবি করেছে ইসরায়েল। এছাড়া দেশটির ইয়াজদ প্রদেশে হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
বার্তা সংস্থা আল জাজিরার পৃথক দুইটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তাসনিম সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানায়, রোববার ইরানের ইয়াজদ প্রদেশে ইসরায়েলি হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন। হামলায় অজ্ঞাতসংখ্যক আইআরজিসি সদস্য আহত হয়েছেন।
ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ জুন চালানো চমকপ্রদ হামলার পর থেকে এ পর্যন্ত দুই ডজন ইরানি সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী আরো বলেছে, তারা ইরানের পশ্চিম, পূর্ব ও কেন্দ্রীয় অঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে।
এক্স-এর হিব্রু ভাষার অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, দূরনিয়ন্ত্রিত ড্রোনের মাধ্যমে ১৫টি ইরানি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। পোস্টের সঙ্গে সংযুক্ত একটি ছবিতে মেহরাবাদ, মাশহাদ ও দেজফুল বিমানবন্দরকে লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “হামলাগুলো রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি জ্বালানিভর্তি বিমান এবং ইরানি সরকারের মালিকানাধীন এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ বিমানকে ক্ষতিগ্রস্ত করেছে।”
“বিমানবন্দরগুলো থেকে উড্ডয়নের সক্ষমতা এবং সেখান থেকে ইরানি সেনাবাহিনীর আকাশ শক্তি পরিচালনার ক্ষমতা বিঘ্নিত করেছে বিমান বাহিনী।”






