লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান পবনের ৫ সমর্থকদের ওপর হামলার ঘটনায় নৌকা প্রার্থী মো. আনোয়ার হোসেন খাবের ৫ সমর্থকের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান মামলার বিষয়টি নিশ্চিত করছেন।মামলার বাদী হচ্ছেন- বিল্লাল হোসেন, তিনি উপজেলার দরবেশপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও গতকাল হামলার শিকার হন।
মামলার বাদী বিল্লাল হোসেন পাটওয়ারী এজাহারে উল্লেখ করেন, সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আমরা স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল মার্কা প্রতীকের গণসংযোগ করে সমিতি বাজার শাহজালাল ইসলামি ব্যাংকের নিচে এসে দাঁড়ায়। তখন নৌকার সমর্থক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর হোসেন পাটওয়ারীর নেতৃত্বে, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন, আলম চৌধুরীসহ প্রায় ৪০/৫০ জনের একটি গ্রুপ আমাদের ওপর অতর্কিত হামলায় চালায়।
হামলায় বিল্লাল হোসেন পাটওয়ারী, আলমগীর শেখ, কামাল সরকার ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে আমি রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করছি।
এই বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, আমরা এমপিসহ বেশ কয়েকটি জায়গা নৌকার পক্ষে গণসংযোগ করে সমিতির বাজার হয়ে ভাদুর যাওয়ার সময়, ঈগলের সমর্থকরা আমাদের সামনেই উচ্চশৃঙ্খলভাবে মিছিল করায় তাদের নিষেধ করা হয়। তারা না শুনলে পরে আমাদের লোকদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।ওসি আরও বলেন, ভুক্তভোগী বিল্লাল হোসেন পাটওয়ারী, থানার একটি মামলা দায়ের করছেন। অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে।







