তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বিগত দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছি। রাজনৈতিক দলগুলো মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সংলাপে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কীভাবে সহযোগিতা করতে পারবেন। ওনারা কীভাবে অবস্টাকল করবেন না এবং আমাদের কাজগুলো করতে দেবেন।’
তিনি বলেন, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছে। এ দাবির স্লোগান তিনি নিজের সরকারি বাসভবন থেকেও শুনেছেন।
সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, খসড়া থেকে বিল পাস হওয়া পর্যন্ত ১৮টি ধাপ রয়েছে। দুই মাস আগে তিনি প্রক্রিয়া শুরুর নির্দেশ দিলেও সেটি এখনো দ্বিতীয় ধাপে রয়েছে।
মাহফুজ আলম বলেন, যেখানে বাকি উপদেষ্টারা গত বছরের আগস্ট মাসে দায়িত্ব নিয়েও বুঝে উঠতে পারছেন না কী করবেন, সেখানে তিনি এমন সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন যে পরদিন তাকে উপদেষ্টা পদ ছাড়তে হয় কি না, তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই সরকারের সময়সীমার মধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।







