স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে আজ ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা।
জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে বিভাগীয় জনসভায় ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর থেকে অন্তত ১০ লাখ লোকের সমাগম হবে বলে আশা করছেন দলটির নেতারা।
এদিকে শেখ হাসিনার আগমনকে ঘিরে ময়মনসিংহ এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। ময়মনসিংহ বিভাগ ও সিটি করপোরেশনসহ নানা উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন নিয়ে শহর সেজেছে নবরূপে। সব প্রস্তুতি শেষে বঙ্গবন্ধুকন্যাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানকার লাখ লাখ মানুষ।
শনিবার (১১ মার্চ) ৭৩টি নবনির্মিত প্রকল্পের দ্বার উন্মোচন করবেন। ঐতিহ্য ও সংস্কৃতির এই নগরীকে পূর্ণতা দিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আরো ৩০টি প্রকল্পের। প্রতিষ্ঠা করা হয়েছে ৩২ উপজেলার সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন লাইন। কমপক্ষে ২১টি স্কুল-কলেজে নির্মাণ করা হয়েছে নতুন একাডেমিক ভবন।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান জানান, দুপুর ১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সার্কিট হাউসে এসে বিশ্রাম নেয়ার পর প্রধানমন্ত্রী ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বিকেল ৩টায় সার্কিট হাউস মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি, এই সমাবেশ সুন্দর ও সার্থক হবে।







