লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু বলেছেন, শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত নৌকার পক্ষে ভোট করব। ভোট করতে-করতে বয়স বেড়েছে, দাঁড়িও পেকেছে। ৪৮ বছর বয়স চলে। ভোটের কারিশমা আমার ভালো জানা আছে। আপনারা যারা নৌকার বিরুদ্ধে ভোট করছেন, আপনারা নৌকার পক্ষে এসে ভোট করেন। এখনও সময় আছে। এ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন। কোনো ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ নির্বাচন নয়। আপনার দল ক্ষমতা না থাকলে আপনি উঁচু গলায় কথা বলতে পারবেন। তাই আসুন সবাই রাগ-অভিমান ভুলে নৌকার জন্য কাজ করি।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা উপজেলার মান্দারি বাজারে নৌকার প্রার্থী পিংকুর নির্বাচনী জনসভায় টিপু দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে এ কথাগুলো বলেন।টিপু সাবেক জেলা যুবলীগের সভাপতি ছিলেন।
সালাহ্ উদ্দিন টিপু আরও বলেন—আপনারা যারা ঢাকা গিয়ে নৌকার বিরুদ্ধে কোথায় কি কথা বলছেন। সেই কথা আমি শুনিনি। কিন্তু আমি (টিপু) প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তরের কথা শুনেছি। আমাকে তার অন্তরের কথা বলছেন। লক্ষ্মীপুর সম্পর্কে বলছে। আপনারা দয়া করে কোন বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের রাস্তায় নামাবেন না। যারা এলাকায় চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে তাদের ব্যবহার করে ভোটের মাঠ নষ্ট করবেন না। আওয়ামী লীগ সরকার ১৫ বছর ক্ষমতায়। দেশ থেকে সস্ত্রাস নির্মুল করছে। এ নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ আওয়ামী লীগের একটি নেতাকর্মীর ওপর হামলা করে। আগামী ৮ তারিখ পর সেই হিসাব দিতে হবে।
এ জনসভায় আরও বক্তব্য রাখেন—নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, কেন্দ্রীয় যুবলীগের নেতা সামছুল ইসলাম পাটওয়ারী, সাবেক নেতা শোয়েব হোসেন ফারুক, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ প্রমূখ।







