রাজধানী ঢাকায় ও গাজীপুরের শ্রীপুরে সন্ধ্যা থেকে একঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রথমে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে একটি বাসে আগুন দেয়া হয়। এরপর বনানীর কাকলী পুলিশ ফাঁড়ির সামনে আরেকটি বাসে আগুন দেয়া হয়।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের শ্রীপুরে একটি বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে জানানো হয়, বুধবার (০৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁতীবাজার মোড়ে একটি যাত্রী পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর রাত আটটার দিকে বনানীতে কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, এর আগে সন্ধ্যা ছয়টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনার এমসি বাজারে শর্মিলী পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় পর দিন ২৯ অক্টোবর দলটি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা গ্রেপ্তারও হন।
দ্বিতীয় দফায় ৫-৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮-৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। ২৮ অক্টোবর থেকে শুরু করে পরবর্তী সময়ে দফায় দফায় অবরোধ চলাকালে ঢাকাসহ সারাদেশে গণপরিবহন ও বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।








