৫ দলীয় বাম জোট এর নেতৃবৃন্দ আজ ২১ অক্টোবর ২০২৪ এক বিবৃতিতে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী বিশিষ্ট মানবাধিকার কর্মী ও বীর মুক্তিযোদ্ধা জনাব জেড আই খান পান্নার নামে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা হত্যা প্রচেষ্টার মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনাব পান্না একজন বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী এবং প্রগতিশীল গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ। তিনি সবসময় সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার রয়েছেন। এবারের ছাত্র—শ্রমিক—জনতার গণঅভ্যুত্থানেও ছাত্র সমন্বয়কদেরকে ডিবি কার্যালয়ে তুলে নেয়ার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে তিনি সোচ্চার ছিলেন। পাশাপাশি আন্দোলনকারীদেরকে অবৈধভাবে আটক এবং ছাত্র—জনতার ওপর পুলিশ—বিজিবি’র গুলিবর্ষণ বন্ধের জন্য হাইকোর্টে রীট মামলা দায়েরে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অথচ এরকম একজন গণতন্ত্রপ্রিয় মানুষের বিরুদ্ধে মিথ্যা হত্যা চেষ্টা মামলা দায়ের অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে।
৫ দলীয় বাম জোট এর সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর সাধারন সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ , সাধারণ সম্পাদক শাহীদুর রহমান , সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি ও সমতা পার্টির সভাপতি সামছুল হক এক যুক্ত বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ উল্লেখ করেন ২০২৪ এর গনঅভ্যুথানের লক্ষ্য ছিল কথা বলার স্বাধীনতা, সমালোচনা করার অধিকার দিতে হবে। সমালোচনার অধিকার খর্ব করলে গণতন্ত্রের চর্চা রুদ্ধ হয়। কিন্তু,বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করার কারণেই এই আইনজীবীর নামে মামলা দায়ের করা হয়েছে। এডভোকেট পান্নার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং জুলাই—আগস্ট হত্যাকাণ্ডের জন্য দায়ী শেখ হাসিনা সরকার ও প্রকৃত খুনীদের বিচার দাবি করেন।







