স্কাইল্যান্ড কম্পিউটার বিডি নামের প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে শুক্রবার ১১ মার্চ একটি বিজ্ঞাপন দেখা যায়। বিজ্ঞাপনটিতে একটি রাইজেন প্রসেসর ও মাদারবোর্ড কিনলে পাঁচ লিটার তেল সয়াবিন তেল ফ্রি দেওয়া হবে বলা হয়।
স্যালাইনের মতো করে তেল ঢেলে পরোটা ভাজার পর কম্পিউটারের সঙ্গে তেল ফ্রি’র অফারও দেখল দেশবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকতেই বিষয়টি চোখে পড়ে প্রতিবেদকের।
ইতোমধ্যে পোস্টটি বেশ সাড়া ফেলেছে। অনেকেই হাহা রিঅ্যাকশন দিয়ে কৌতুক করে নানা রকম কমেন্ট ও ইমোজি দিচ্ছেন কমেন্ট সেকশনে।
কেউ কেউ এটাও বলেছেন, কয়েক দিন পর তেল নিয়ে গ্রাহকরা আরও আপগ্রেডেড ভার্সনের কম্পিউটার সামগ্রী কিনতে আসবেন।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাদ্দাম হোসাইন সানিকে এই অফার সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা তো অনেক সময়ই ১-২ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে থাকি।
দেশে যখন তেলের দাম ঊর্ধ্বমুখী, তখন সবার কাছেই গুরুত্বপূর্ণ এই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যটি কেনা দুরূহ হয়ে উঠছে। এ কারণেই ভাবলাম, আমাদের এ অফারটা গ্রাহকদের কাজে দেবে।’








