মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গেড়ামারা আবু আহম্মদ মার্কেট সংলগ্ন বাদামতলী শাহাব উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন—দিনমজুর মো. ছোবহান এবং তাঁর দুই ছেলে সোহেল ও ইকবাল। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর, আসবাবপত্র, প্রায় এক ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ছোবহানের ছেলে আকাশ জানান, দুপুর ১২টার দিকে বসতঘরের দক্ষিণ-পশ্চিম কোণের বিদ্যুতের মিটারে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়। কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে করেরহাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দিয়েছেন। এছাড়া বিএনপি নেতা ফারুক, যুবদল নেতা নুরউদ্দিন, ছাত্রদল নেতা নুর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘গেড়ামারা এলাকায় ছোবহানের বসতঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’









