করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত আছে। টানা তিনদিন দৈনিক রোগী শনাক্তের হার আট শতাংশ থাকার পর গত ২৪ ঘণ্টায় সেই হার ৯ শতাংশ ছাড়িয়েছে। সেইসঙ্গে দেড় মাস পর দৈনিক রোগী শনাক্ত চারশ ছাড়িয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কারও মৃত্যু নেই।
স্বাস্থ্য অধিদপ্তর সোমবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪২১ জনের। সর্বশেষ গত ২৮ জুলাই ৬১৮ জনের করোনা শনাক্ত হয় বলে জানিয়েছিল অধিদপ্তর। এরপর একদিনে এত বেশি করোনা রোগী আর কোনোদিন শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে চার হাজার ৫৬৪টি, আর পরীক্ষা হয়েছে চার হাজার ৫৬০টি। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ২৩ শতাংশ। ১১ সেপ্টেম্বরে আট দশমিক ৮৭ শতাংশ, ১০ সেপ্টেম্বর আট দশমিক ৬২ শতাংশ আর তার আগের দিন শনাক্তের এই হার আট দশমিক ৩৪ শতাংশের কথা জানিয়েছিল অধিদপ্তর।
নতুন শনাক্ত হওয়া ৪২১ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলো ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২১ শতাংশ। আর শনাক্তের বিপরীতে মৃত্যুহার এক দশমিক ৪৬ শতাংশ।
অধিদপ্তর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ৪২১ জনের মধ্যে ৩৫১ জনই ঢাকা মহানগরের, আর ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন ৩৭৫ জন। এ ছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে পাঁচজন করে, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে তিনজন এবং খুলনা ও সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন চারজন করে।
স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় করোনায় নতুন শনাক্তের পরিমাণ প্রায় দেড় গুণ। গত সপ্তাহে (৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর) করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ১২৬ জনের। আগের সপ্তাহে (২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) শনাক্ত হয়েছিল এক হাজার ৪৪৪ জন। অর্থাৎ গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্ত হওয়া রোগী বেড়েছে ৪৭ দশমিক দুই শতাংশ।








