মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো’, ‘কাফনের কাপড় রেডি রাখিস’—এমন ভয়ংকর হুমকি দিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শুধু তাঁকেই নয়, তাঁর পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার অভিযান বন্ধ না করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে একটি বিদেশি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় ভয়ভীতি প্রদর্শন করা হয়। ইংরেজিতে পাঠানো বার্তায় লেখা হয়, ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’। বাংলায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো।’ এ ছাড়া হুমকিদাতা লেখে, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’
আরেকটি বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’ সর্বশেষ হুমকিতে লেখা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানের কারণে এমন হুমকি দেওয়া হতে পারে বলে তিনি ধারণা করছেন।
তিনি আরও বলেন, হুমকিদাতার ব্যবহৃত নম্বর শনাক্ত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, জোরারগঞ্জ থানায় যোগদানের পর থেকে নিয়মিত মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী অভিযান এবং দ্রুত তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে ভূমিকার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম।








