নিজস্ব প্রতিনিধি | গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ডিশ ও ওয়াই-ফাই লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক তার দুই হাত হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের দাবি, উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা তাদের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন এবং প্রশাসনের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার বাসিন্দা মোঃ রকি আহমেদের ছেলে মোঃ সোহান স্থানীয় একটি ডিশ ও ওয়াই-ফাই সেবা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ২৩ মে ২০২৬ তারিখে খাড়াজোড়া এলাকায় ফায়ার সার্ভিসের বিপরীতে একটি স্থানে লাইনের ত্রুটি মেরামতের কাজ করার সময় তিনি গুরুতর দুর্ঘটনার শিকার হন।
পরিবারের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্দেশে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় সোহান উচ্চ ভোল্টেজের বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের পরামর্শে তার দুই হাত কর্তন করতে হয়। এছাড়া শরীরের বিভিন্ন অংশে গুরুতর ক্ষত রয়েছে এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন ও কৃত্রিম হাত সংযোজনের প্রয়োজন হতে পারে বলে জানা গেছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, সোহান ছিলেন পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি। দুর্ঘটনার পর পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। চিকিৎসা ব্যয় মেটাতে ইতোমধ্যে অনেক ঋণ করতে হয়েছে। এখনো তার চিকিৎসা অব্যাহত রাখতে বিপুল অর্থের প্রয়োজন।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আহত যুবকের চিকিৎসার জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে আহত যুবকের জীবন রক্ষায় সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবাধিকার সংগঠন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
মানবিক আবেদন:
দুই হাত হারিয়ে আজ অসহায় জীবনযাপন করছেন তরুণ সোহান। তার চিকিৎসা, পুনর্বাসন এবং ভবিষ্যৎ জীবনের জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও মানবিক সহায়তা তার জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে।
মো: জাহিদ হাসান
গণমাধ্যম ও মানবাধিকার কর্মী
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






