সঞ্জয় কান্ত শীল কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালিগাঁও গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি গতকাল রবিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন পালন করেছেন। গার্ড অফ অনরের পূর্বে তার মৃতদেহে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) আলামিন হাওলাদার সহ মুক্তিযোদ্ধাগণ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক বাচ্চু, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ ইকবাল হোসেন পিপিএম, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির (মাস্টার), কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধাগণ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। জানা গেছে, জানাজা শেষে মরহুমের মরদেহ স্থানীয় কবরস্থানে তাঁর স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য, কালীগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, রাজনৈতিক নেতৃবৃন্দ, কালীগঞ্জ থানা প্রেসক্লাব এর সভাপতি জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান, দৈনিক সমকাল পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আহাম্মদ আলী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক, শ্রদ্ধা ও গভীর সমবেদনা জানিয়েছেন।







