চিরনিদ্রায় শায়িত হলেন কুমিল্লা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত প্রথম মেয়র আরফানুল হক রিফাত।
শুক্রবার (১৫ ডিসেম্বর) জুম্মার নামাজের পর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নগরীর টমছমব্রীজস্থ কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয় তাকে।জানাযার নামাজে অংশ নেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দীন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু প্রমুখ।
এরআগে, সকাল সাড়ে ৯ টার পর থেকে কুমিল্লা রামঘাটলাস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মেয়র রিফাতের মরদেহ রাখা হয়। এসময় জেলা, উপজেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ মেয়রকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৫ জুন আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে তৎকালীন মেয়র মনিরুল হক সাক্কুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তিনি এ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রথম মেয়র ছিলেন।
অক্সিজেন সেচ্যুরেশন কমে যাওয়াসহ বেশকিছু শারীরিক জটিলতা নিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।







