আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি:
কুয়েতে মাইন বিস্ফোরণে নিহত প্রবাসী জাহিদের মরদেহ গতকাল রাত ৮টায় ঢাকায় পৌঁছানোর পর আজ সকালে সন্দ্বীপে আনা হয়। পরে সকাল ১১টায় রহমতপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহত জাহিদের বাড়ি সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেঞ্জতলী উত্তর পাশে, কামাল দফাদারের বাড়ি। জানাজায় বিপুল সংখ্যক এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
প্রবাসে কর্মরত অবস্থায় এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর শোক ও বেদনা বিরাজ করছে। জীবিকার তাগিদে বিদেশে যাওয়া রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।







