কে এম তোফাজ্জেল হোসেন জুয়েল স্টাফ রিপোর্টার কুষ্টিয়া থেকো :-
কুষ্টিয়া সদর হসপিটালে একটি মসজিদে নামাজ চলাকালীন সময় মুসল্লিদের ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। তবে পুরো ঘটনাটি মসজিদের সিসি ক্যামেরায় ধারণ হওয়ায় চুরির রহস্য দ্রুতই উন্মোচিত হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, গত কাল যোহরের নামাজের সময় মুসল্লিরা ইবাদতে মগ্ন থাকাকালে এক ব্যক্তি কৌশলে মসজিদের ভেতরে প্রবেশ করে। সুযোগ বুঝে তিনি এক মুসল্লির পাশে রাখা একটি ব্যাগ নিয়ে দ্রুত বের হয়ে যান। নামাজ শেষে ব্যাগ খুঁজে না পেয়ে ভুক্তভোগী বিষয়টি মসজিদ কর্তৃপক্ষকে জানান।
পরে মসজিদের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, সন্দেহভাজন এক ব্যক্তি নামাজরত মুসল্লিদের ফাঁক গলে ধীরে ধীরে ব্যাগটির কাছে যান এবং মুহূর্তের মধ্যেই সেটি নিয়ে বের হয়ে পড়েন। ফুটেজে তার চলাফেরা ও চেহারা স্পষ্টভাবে দেখা গেছে।
মসজিদ কমিটির সদস্যরা জানান, পবিত্র স্থানে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“মানুষ যেখানে শান্তি ও ইবাদতের জন্য আসে, সেখানে চুরি সত্যিই উদ্বেগজনক। সবাইকে আরও সতর্ক থাকতে হবে।”
ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মসজিদে আগত মুসল্লিদের নিজেদের মূল্যবান জিনিসপত্র সতর্কতার সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ শুরু করেছে।







