মোঃ কামাল উদ্দিন, লক্ষ্মীপুর ঃ
আইন নিজেদের হাতে তুলে না নিতে বিএনপি নেতাদের অনুরোধ জানিয়েছে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রাজাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় তিনি এই অনুরোধ জানান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিশোধ নিবেন না। প্রতিশোধের ভাষা হবে আইনগতভাবে। মামলা হবে, বিচার বিভাগ মামলার দায়িত্ব গ্রহণ করেছেন। সেই অনুযায়ী পদক্ষেপ নিবেন। আইনের মাধ্যমে সবকিছু মোকাবিলা করতে হবে। কিন্তু আইনকে নিজেদের হাতে তুলে নিবো না।’
তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিবাদী শাসক, কর্তৃত্ববাদী শাসক আমাদের নেতাকর্মীদের ওপর ব্যাপক অত্যাচার নির্যাতন করেছে। এখন আর কারও কর্তৃত্ব নেই। ফ্যাসিবাদীর শাসন ব্যবস্থা নেই। মামলা হামলার ভয় নেই। আপনারা এখন স্বাধীন। স্বাধীনভাবে কথা বলতে পারেন, স্বাধীনভাবে চলাচল করতে পারেন।’এ্যানি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যাতে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে পারে। যে লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছিলাম, সেই গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লড়াই এখনো শেষ হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আপনাদের কাছে আহ্বান যারা গত ১৫ বছরে গুম, খুন ও লুটপাটে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে। দেশ সংস্কারের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনের মাধ্যমে দেশে জনগণ সরকার প্রতিষ্ঠিত করবে। দেশে সুষ্ঠু ভোটের মাধ্যমে ঐক্যবদ্ধ সরকার গঠন হবে।’
সভায় জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বন্যা কবলিত প্রায় ছয় শতাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ করা হয়। দিনব্যাপী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘এইচএমবিডি’ ফাউন্ডেশনের উদ্যোগে ৮ জন মেডিকেল অফিসার প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন।
মোঃ কামাল উদ্দিন লক্ষ্মীপুর জেলা সংবাদাতা







