জীবন আচার্য্য,যশোর :
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে(১৯ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে যশোরের খাজুরায় ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। খাজুরা সাংগঠনিক থানা শাখার আয়োজনে খাজুরা বাজার পুরাতন পশুহাট চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা তরুণ প্রজন্মকে আদর্শবান হয়ে দেশের পরিবর্তনের অগ্রযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান। দুপুরের পর থেকেই বিভিন্ন জায়গার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। মিছিলে যোগদানকারীরা ‘তুমি কে আমি কে, মৌলবাদ মৌলবাদ’, ‘যদি না হয় পিআর, ফিরে আসবে স্বৈরাচার’, ‘চাঁদাবাজ আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বায়েজীদ হোসাইন বলেন, জনগণের অধিকার রক্ষায় রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন এখন সময়ের অপরিহার্য দাবি। তরুণ প্রজন্মের প্রতিটি ভোট যেন মূল্যায়িত হয় এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ হয়, সেজন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মুহাম্মাদ আলিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যশোর জেলা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন। স্বাগত বক্তব্য দেন খাজুরা থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ সোয়াইব হোসেন।ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান সামাউল এর সঞ্চালনায় উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা হাদিউজ্জামান, শ্রমিক আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে কলরব, আবাবিল,সাহলান শিল্পগোষ্ঠিসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রাত দশটা অবধি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মহিউদ্দিন হাসান খান।এ আয়োজনকে ঘিরে খাজুরা বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Views: 161
Related