কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দ্বন্দ্বের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টির পক্ষে জমা দেয়া সব মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় ইসির একটি সূত্র। জানা যায়, দলটি থেকে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
গণতন্ত্রী পার্টি ১৪ দলীয় জোটভুক্ত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। যার নম্বর ০০৮। তাদের নির্বাচনি প্রতীক কবুতর।
এই দল থেকে জোটগত প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা ১৪ দলীয় জোটের বৃহত্তম শরিক দল আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক নৌকা ব্যবহার করতে ইচ্ছুক। সম্প্রতি দলটি দুই ভাগে বিভক্ত হয়েছে।
এর আগে গণতন্ত্রী পার্টির দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনাররা। তবে বৈঠক শেষে কমিশন কোনো সিদ্ধান্ত দেয়নি।








