বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জামায়াতসহ অন্যান্য ইসলামি দলের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এই ধরনের কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় এবং এতে অহেতুক চাপ সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল বলেন, ‘দলগুলোর কর্মসূচি প্রসঙ্গে এটি কোনো প্রয়োজন ছিল না। আলোচনার মধ্যেই সব সমস্যা সমাধান করতে চাচ্ছি।’
জাতিসংঘ সফর সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফরেন মিনিস্ট্রি ও ড. ইউনূসের সঙ্গে এখনো আলোচনা হয়নি। সেখানে কী ভূমিকা হবে জানি না। তবে দেশের গণতন্ত্র উত্তরণ ও উন্নয়ন বিষয়ক আলোচনা হবে।’
ফখরুল আরও বলেন, ‘দেশের সমস্যা সমাধানে উদ্যোগ নিজেদেরই নিতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টাই প্রয়োজন। দেশের সিদ্ধান্তগুলো মানুষ নিয়েছে, এবারও নেবে; বাইরের নির্দেশের কোনো প্রয়োজন নেই।’
জামায়াতসহ অন্যান্য দলগুলোর আন্দোলন নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, ‘এভাবে রাজপথে এলে সমস্যার সমাধান হবে কি?’
ফখরুলের মতে, ৫ আগস্টের পর থেকে বিএনপি কোনো ইস্যুতে রাজপথে নামেনি।
পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি পিআরের পক্ষে নয়। আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজন নেই।’
তিনি আরও উল্লেখ করেন, ‘জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিএনপি একমত হয়েছে। যে পার্লামেন্ট জনগণের সমর্থনে আসে, সেটিই সংবিধান সংশোধন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম।’
ফখরুলের বক্তব্য, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে তারা নেই। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানান তিনি।







